নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধের আহ্বানের মধ্য দিয়ে আজ ২৫ নভেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। একই সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে এই পক্ষ।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি পালন করা হয়। ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৯৯৩ সালে ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটি স্বীকৃতি পায়। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটি পালনের স্বীকৃতি দেয়।
বাংলাদেশেও দীর্ঘদিন ধরে দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। ১৯৯৭ সাল থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি বাংলাদেশে দিবসটি ও প্রতিরোধ পক্ষ পালন করে আসছে। এ সময় বিভিন্ন সংগঠন সভা-সমাবেশ, আলোচনা, প্রচারাভিযানসহ নানা কর্মসূচির মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা তৈরির চেষ্টা করে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের সঙ্গে জড়িয়ে আছে ডোমিনিকান প্রজাতন্ত্রের তিন সাহসী নারী প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবালের নাম। ১৯৬০ সালের ২৫ নভেম্বর দেশটির স্বৈরশাসক রাফায়েল ট্রুজিলোর বিরুদ্ধে আন্দোলনে যুক্ত থাকার কারণে এই তিন বোনকে হত্যা করা হয়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই দিনটিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়।
নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি এবং নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরাই দিবসটির মূল লক্ষ্য।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















