গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।
ছয়জন হলেন- পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ ও সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট নন। এ অবস্থায় নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না।
এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরে জানতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
এর আগে গত ১৮ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকিরসহ পাঁচ নেতা পদত্যাগ করেন। আসলাম ফকিরের বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকারীরা হলেন- উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির ও পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রিড়া সম্পাদক রুমান ফকির।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















