লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ইমন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেন।
আটক ইমন হোসেন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার সময় তার সঙ্গে আরও দুজন ছিলেন। তবে তারা পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত মণ্ডলতলী বাজারসংলগ্ন কেরোয়া গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের গেটে আগুন ধরিয়ে দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের মূল গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করেন। আগুন লাগিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে ইমনকে আটক করেন।
আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তারা আটক যুবককে সেখানে রেখে পুলিশে খবর দেন।
গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহমান বলেন, সোমবার রাত ১০টা ৩০ মিনিটে শাখার প্রধান গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 


















