নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাস্থল থেকে যৌথবাহিনীর হাতে আটক ৭ জনকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. রাসেল মাহমুদ ১০ হাজার টাকা বন্ডে তাদের জামিন দেন। এরা হলেন, মালশাপাড়া মহল্লার মৃত সুজাবত আলীর ছেলে মো. সোহেল রানা (৪২), একই গ্রামের মো. শাহাদত হোসেনের ছেলে মো. মুন্না শেখ (১৯), সবির উদ্দিনের ছেলে মো. রাকিব হাসান (২৪), হাসমত আলীর ছেলে মো. আরাফাত ইসলাম মৃদুল (২৮), মৃত আব্দুল বারীর ছেলে মো. হান্নান বাবু (৪০), বেলকুচি উপজেলার শেরনগর থানার মো. আব্দুস সাত্তারের ছেলে মো. আব্দুল্লাহ (২১), সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার জুলমত শেখের ছেলে মো. কাজল শেখ (২৬)।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুল হাই।
আরও পড়ুন: সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষ, যৌথবাহিনীর হাতে আটক ৭
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের যৌথ বাহিনী ৭ জনকে আটক করে। আটকদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে সোমবার একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে হোসেনপুর ও মালশাপা মহল্লাবাসীর মধ্যে দ্বন্দ্ব হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে দুইপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হয়। প্রায় ২ হাজারের উপরে মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে রাত ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

রিপোর্টার: 



















