জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে মাঠে কাজ করছেন নোয়াখালীর পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। দিনরাত এক করে চলছে তাদের তদারকি, পরিদর্শন ও দায়িত্বপালন।
গত মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে নোয়াখালী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্-আল-ফারুক হঠাৎ সেনবাগ থানায় আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), ডিআইও-১ এবং জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম।
রাতের নিস্তব্ধতা ভেদ করে পুলিশের এমন হঠাৎ উপস্থিতিতে থানাজুড়ে নেমে আসে তৎপরতা ও সতর্কতার ছোঁয়া। পুলিশ সুপার চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ সরেজমিনে পরিদর্শন করেন এবং থানার চেকপোস্টে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
তিনি দায়িত্বপ্রাপ্ত অফিসারদের উদ্দেশে বলেন,
“জনগণের জানমালের নিরাপত্তাই আমাদের প্রথম অঙ্গীকার। রাত হোক বা দিন—নোয়াখালীবাসী নিশ্চিন্তে ঘুমাবে, সেটিই নিশ্চিত করতে হবে।”
অভিযান শেষে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রমের মানোন্নয়ন ও সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সেনবাগ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,
“পুলিশ সুপার নোয়াখালী মহোদয়কে ধন্যবাদ জানাই তাঁর নিরলস পরিদর্শন ও দিকনির্দেশনার জন্য। তাঁর তদারকি আমাদের কাজের প্রেরণা।”
অন্যদিকে, সেনবাগের সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মন্তব্য করেছেন,
এমন সক্রিয় ও দায়িত্বশীল পুলিশ নেতৃত্ব থাকলে আইনশৃঙ্খলা অটুট থাকবে, মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে, জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে।”

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 

















