নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্য করে হরিণের মাংস রান্না করে খেয়েছে একদল যুবক।
বুধবার রাতে খাজা এনায়েতপুর দরবার শরীফে হরিণের মাংস ও পরোটা কয়েক ব্যক্তি রান্না করে । এ সময় হরিণের মাংস রান্না ও খাওয়ার ভিডিও নিজের ফেসবুকে লাইভ করে সাব্বির আহমেদ নামে এক যুবক।
ওই ভিডিওতে তিনি উল্লেখ করেন, এনায়েতপুর পাক দরবার শরীফের গ্রুপ-এ নম্বর ডিউটিরতদেরে খানাপিনার আয়োজন চলছে। আপনার সাব্বির আহমেদ পেজ থেকে সরাসরি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন হরিনের মাংস রান্না করা হচ্ছে।
পরদিন বিষয়টি নিয়ে সাংবাদিকরা জেনে গেলে সাব্বির আহমেদ নিজের ফেসবুক পেইজ থেকে ভিডিওটি সরিয়ে ফেলেন।
জনতার কণ্ঠ’র প্রতিবেদক সাব্বির আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি পুরো ঘটনা অস্বীকার করেন।
এ বিষয়ে এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম মো. মুরাদ হাসান বলেন, ওটা আসলে হরিণের মাংস না। বয়লার মুরগী রান্না করে রুটি দিয়ে খাচ্ছিল। এটাই দুষ্টুমি করে ফেসবুকে দিয়ে হরিণের মাংস বলেছে।
সিরাজগঞ্জ সহকারি বন সংরক্ষক মোছা. রিজিয়া পারভীন বলেন, হরিণের মাংস রান্না বা খাওয়ার আইনগত বৈধতা নেই। এনায়েতপুরে হরিণের মাংস রান্না করা বা খাওয়ার বিষয়টি আমাদের কেউ জানায়নি। বিষয়টি জেনে তারপর বিস্তারিত বলতে পারবো।

রিপোর্টার: 



















