শাহজাদপুর (শাহজাদপুর) প্রতিনিধি
সিরাজগঞ্জ: স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।
সোমবার (৪ আগষ্ট) সকাল ১০টায় সিরাজগঞ্জের শাহজাদুপরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে পথনাটক ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে। ফলে প্রতিদিনের মতো এদিনও পাবনার সাথে ঢাকাসহ উত্তর-পূর্বাঞ্চলের সকল জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। দূর্ভোগে হাজারও মানুষ। ১২টার পর কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকল্পের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়ন শুরু না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবো।
উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। ৭ দফায় ডিপিপি সংশোধন করে ৯৩ শতাংশ কমিয়ে এনে মাত্র ৫১৯ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেওয়া হলেও এখন পর্যন্ত সেটির অনুমোদন না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। দাবী বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়ায় গত ২৬ জুলাই থেকে আবারও আন্দোলন শুরু হয়েছে। সড়ক অবরোধ, মানববন্ধন, সাংস্কুতিক প্রতিবাদ ও গণসং যোগসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। তাদের এই কর্মসূচির সাথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা একাত্বতা প্রকাশ করেছেন।

রিপোর্টার: 




















