“নিজে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, অপরকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে উদ্বুদ্ধ করি”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ধান বান্ধী মহল্লার কৃতি সন্তান, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার।
তার নেতৃত্বে প্রতিদিন প্রায় ১৫০ জন পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবীর একটি দল ফজরের নামাজের পর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে।
শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, এ সময় দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতায়ও এগিয়ে আসেন তারা। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ড্রেন বা ম্যানহোল ভাঙা থাকলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপেক্ষা না করে নিজ অর্থায়নে তা মেরামত করে দেন হাজী আব্দুস সাত্তার।
সম্প্রতি সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র ইসলামিয়া কলেজ মাঠের পশ্চিম পাশে, জুয়েল অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে একটি ভাঙা ড্রেন দেখে সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা থেকে তিনি নিজ উদ্যোগে সেটি মেরামতের ব্যবস্থা করেন। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এলাকাবাসী তার এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। হাজী আব্দুস সাত্তার জানান, “যতদিন বেঁচে থাকব, ততদিন সমাজসেবামূলক এ ধরনের কাজ করে যেতে চাই।”

শাহ আলম, নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















