সংবাদদাতা, তাড়াশ। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থদের জন্য সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস ছিনতাই ঘটনার মূল হোতা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়কের ভাই লিটন মির্জাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তাড়াশ পৌর এলাকার ইউনিয়নের থানা পাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন ওই মহল্লার মৃত: নাজু মির্জার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর তাড়াশ উপজেলার ৪৪ টি মাদ্রাসা ও এতিমখানার জন্য সৌদি সরকারের পাঠানো দু:স্থদের জন্য ১৬৪ কার্টন দুম্বার মাংস বিতরণ করা হয়। এ সময় দক্ষিণ মথুরাপুর দারুল নাজাত হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার জন্য বরাদ্ধকৃত এক কার্টন দুম্বার মাংস, ওই মাদ্রাসার শিক্ষক সুলতান মাহমুদ গ্রহণ করেন। এরপর তিনি মাংসের কার্টন নিয়ে উপজেলা মসজিদের কাছে পৌছালে এক দল ছিনতাইকারীরা জোর করে ছিনিয়ে নিয়ে যায়।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে, প্রশাসনের টনক নড়ে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্র ও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আসামীদের সনাক্ত করেন।
পরে দক্ষিণ মথুরাপুর দারুল নাজাত হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার মহতামিম মো: নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ মামলার মুল আসামী লিটন মির্জাকে গ্রেফতার করেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, মামলার মুল আসামী লিটন মির্জাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার: 

















