সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুর সংস্কারের সময় একটি প্রাচীন পোড়ামাটির মূর্তি উদ্ধার হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের সোনা দিঘী পুকুর থেকে মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সোনা দিঘী পুকুরটি সংস্কারের কাজ চলছিল। এ সময় এক্সাভেটর মেশিন দিয়ে মাটি কাটার সময় মূর্তিটির মাথা ও হাতের অংশবিশেষ উঠে আসে। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশকে জানালে তাড়াশ থানার উপ-পরিদর্শক দয়াল কুমার ব্যানার্জি ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, প্রথমে মূর্তিটি পাথরের বলে মনে হলেও পরে পরিষ্কার করে দেখা যায় এটি পোড়ামাটির তৈরি। মূর্তিটি আংশিক ভাঙা অবস্থায় রয়েছে। ফলে এটি কোন দেবদেবীর বা কোন ধর্মীয় নিদর্শন—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রিফাত উর রহমান বলেন, মূর্তিটির পূর্ণাঙ্গ অবয়ব না থাকায় এর প্রকৃতি নির্ধারণ করা কঠিন। অনেকেই অনুমান করছেন এটি বিষ্ণু বা বৌদ্ধ মূর্তি হতে পারে, তবে নিশ্চিত হতে হলে ল্যাবরেটরি পরীক্ষার প্রয়োজন রয়েছে।
তিনি আরও জানান, এ অঞ্চলে এর আগেও পাল ও সেন আমলের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যা দেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, উদ্ধারকৃত মূর্তিটি থানা হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
উদ্ধার হওয়া এই মূর্তিটি ঘিরে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে এবং এটি স্থানীয় ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোহাগ হোসেন,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 

















