দিনাজপুরের বিরামপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে নৈশকোচের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
আজ রোববার (২৯ মার্চ) সকলে দিনাজপুর বিরামপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পলিপ্রয়াগপুর ইউনিয়নের চণ্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বালুবাহী ট্রাকটি গতকাল শনিবার সন্ধ্যার দিকে চাকা ফেটে (টায়ার ব্লাস্ট) সড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। আজ সকালে পঞ্চগড় থেকে আসা একটি দ্রুতগামী নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন যাত্রী প্রাণ হারান। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত ট্রাক—উভয়ই পঞ্চগড় থেকে ছেড়ে এসেছিল।
দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বর্তমানে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় ও অন্যান্য তথ্য সংগ্রহে কাজ করছে।
বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘাতক বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে উক্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম 



















