বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, গণভোটের পরিস্থিতি এখন দেশে নেই। শনিবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকায় এক পারিবারিক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে দক্ষিণ ঘাটচেক এলাকার হাজি আবদুর রশিদ চেয়ারম্যান বাড়িতে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তাহানিয়াজ মোরশেদ তোহার পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন হুম্মাম কাদের।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা জামায়াতে ইসলামীসহ অন্য দলের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়ে আলাপ করেছি। জামায়াতে ইসলামী অতীতে যেভাবে অন্য দলকে চাপ প্রয়োগ করে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবার দেশের মানুষ সেটি মেনে নেবে না।
একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, যারা এখনো নির্বাচনের প্রস্তুতি নেয়নি তারা জানে, এখন নির্বাচন হলে ১০ থেকে ২০টির বেশি আসন পাবে না। তাই নির্বাচন বিলম্বিত করে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনতে এ নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি।

রিপোর্টার: 



















