বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধারাও। আমির হামজার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মুক্তিযোদ্ধারাও বসে থাকবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে আমির হামজার বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ধর্মভিত্তিক রাষ্ট্রের জন্য মুক্তিযুদ্ধ হয় নাই। তিনি সঠিক বক্তব্যই দিয়েছিলেন। তার এই বক্তব্যকে ঘিরে কথিত মুফতি আমির হামজা নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।
আমির হামজার শাস্তি দাবি করে বক্তারা বলেন, আমির হামজার শাস্তি না হলে মুক্তিযোদ্ধারা ঘরে বসে থাকবে না।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. মেছের উদ্দিন শেখের সভাপতিত্বে ও আব্দুস সালামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুক্তিযুদ্ধকালিন পলাশডাঙ্গা যুবশিবিরের পরিচালক অধ্যক্ষ আব্দুল আজিজ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক গাজী আজিজুর রহমান দুলাল, সদস্য সচিব খন্দকার তৌহিদুর রহমান, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান তালুকদার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















