নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আবুল মালেক মাবুদ (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আবুল মালেক মাবুদ কালিকাপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাবুদ ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করলেও কোনো সংসার স্থায়ী হয়নি। তিনি নিঃসন্তান ছিলেন এবং দীর্ঘদিন ধরে একাকী জীবনযাপন করছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও ব্যক্তিগত হতাশা থেকে তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো.ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম।। 


















