জয়পুরহাটের ক্ষেতলালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক মাদকব্যবসায়ীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মসজিদের পাশে নিয়মিত মাদকসেবন ও বিক্রির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করে ভ্রাম্যমান আদালতে তাকে এ শাস্তি প্রদান করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার পাঁচখুপি গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী এই আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. সাবু উপজেলার পাঁচখুপি গ্রামের মো. লালু মুন্সির ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়। রায় প্রদানের পর তাকে জেল হাজতে প্রেরণের জন্য জয়পুরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়কের নিকট পরোয়ানা পাঠানো হয়েছে। রায়ে একই সাথে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়, যা ইতিমধ্যেই পরিশোধিত হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বলেন, এলাকাবাসীর অভিযোগ পাঁচখুপি জামে মসজিদের পাশে নিয়মিত মাদকসেবন ও বিক্রি করতেন মাদকব্যবসায়ী সাবু। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করে ভ্রাম্যমান আদালের মাধ্যমে এ শাস্তি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী বলেন, গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আসামীকে শনাক্ত করে আমাদের জানালে আমরা গিয়ে আলামতসহ সত্যতা পাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জয়পুরহাট প্রতিনিধি।জনতার কণ্ঠ.কম 


















