নওগাঁর আত্রাই উপজেলায় চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহত এমরান মিয়া বাগেরহাট জেলায় কনস্টেবল পদে কর্মরত। তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, এমরান মিয়া খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কিছুটা কমে। এ সময় তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। কিন্তু ভারসাম্য হারিয়ে ট্রেনের নিচে পড়ে গেলে চাকার নিচে পিষ্ট হয়ে তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে তার গ্রামের বাড়ির সঠিক ঠিকানা জানা যায়নি বলে জানান তিনি।

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















