সিরাজগঞ্জের কাজিপুরে ইউপি সদস্যের হাতে মার খেয়ে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে মান্নু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পূর্ব শত্রুতার জের ধরে চাচাতো ভাই ভ্যানচালক আইয়ুব আলীকে এই মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী আইয়ুব আলী কাজিপুর উপজেলার চর ভানুডাঙ্গা গ্রামের জেল হোসেনের ছেলে ও অভিযুক্ত মান্নু মিয়া একই গ্রামের শাহজাহান আলীর ছেলে।
আইয়ুব আলী ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে ভ্যানচালক আইয়ুব আলীর বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তার মাঝখানে গাছ লাগিয়েছিলেন মান্নু মিয়া। যার ফলে চলাচলে বিঘ্ন ঘটে আইয়ুব আলীর এ নিয়ে মান্নুর বিরুদ্ধে স্থানীয় মুরুব্বিদের কাছে বিচার প্রার্থী হন তিনি। বিচার চেয়ে ব্যর্থ হলেও মান্নু মিয়ার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে দুজনেই সামান্য আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এই ঘটনার কিছুদিন পর মান্নু মিয়া পার্শ্ববর্তী বগুড়া জেলার ধুনট উপজেলার মহিশুড়া বাজারে গিয়ে স্থানীয় মেম্বরের (ইউপি সদস্য) সঙ্গে খারাপ আচরণ করে। এ সময় ইউপি সদস্য দুলাল মিয়ার লোকজন বেধড়ক মারপিট করে। মারপিটে মান্নু মিয়ার কান দিয়ে রক্তপাত হয়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়।
এ ঘটনায় স্থানীয় মুরুব্বিদের নিয়ে শালিসী বৈঠকে মান্নু মিয়ার চিকিৎসাবাবদ খরচ বহন করে ঐ ইউপি সদস্য এবং বিষয়টি মিমাংসাও হয়ে যায়।
অথচ ওই মারপিটের ঘটনায়র চিকিৎসা সার্টিফিকেট কাজে লাগিয়ে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন মান্নু মিয়া৷
এ বিষয়ে মান্নু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে রাজি হনিন।
এদিকে মিথ্যা মামলার নোটিশ হাতে পেয়ে অসহায়ের মতো মুরুব্বিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো কুল কিনারা করতে পারছে না আইয়ুব আলী৷ সঠিক তদন্তের মধ্য দিয়ে মিথ্যা মামলা থেকে রেহাই পাবে আইয়ুব আলী এমনটাই মনে করেন স্থানীয়রা।

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















