জনতার কণ্ঠ ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ব্যক্তিগত সফরে কক্সবাজার যাওয়ায় হাসনাত ও সার্জিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষস্থানীয় ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (০৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। নোটিশ পাওয়া ৫ নেতা হলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ।
নোটিশে বলা হয়, গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন। এই সফরসংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’- এর নিকট পূর্বে অবগত করা হয়নি।
এমতাবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

রিপোর্টার: 



















