রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
জুলাই যোদ্ধাদের তালিকায় ভুয়া নাম বাতিলের দাবীতে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে ধানগড়া উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীদের অভিযোগ প্রকৃত জুলাই যোদ্ধা ও আহতদের নাম বাদ দিয়ে মিথ্যা তথ্যের মাধ্যমে আওয়ামী লীগের দোসর মো. ইমরুল হাসান ও মো. জাহিদ হাসান রাতুলকে তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এতে জুলাই বিপ্লবের চেতনা ও ইতিহাস বিকৃত হচ্ছে।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথ যাচাই-বাছাই করে সম্মানজনক স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি যারা ভুয়া তথ্য দিয়ে তালিকায় নাম তুলেছেন, তাদের অবিলম্বে বাদ দিতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।
সাবেক উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ইশরাত জাহান এশার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শেখ রিয়াদ, সাবেক আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম আরিফ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মুন্না বিশ্বাস, সাবেক যুগ্ম সদস্য সচিব কে.এম শুভ প্রমুখ।
বিক্ষোভে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আহত জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরাসহ সাধারণ মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, “অভিযুক্ত ভুয়া জুলাই যোদ্ধা ও আহতদের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ভুয়া আহত ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাতিল করা হবে। এই তালিকা প্রণয়ন করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের সুপারিশে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, এখন আবার আরেক পক্ষ তালিকা থেকে নাম বাতিলের জন্য বিক্ষোভ করছে।”

রিপোর্টার: 



















