দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় অবস্থিত হিলি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য সৃষ্টি হয়েছে হাহাকার। তেলের আশায় কয়েক শ’ মোটরসাইকেল চালককে ফিলিং স্টেশনের সামনে রাতভর অপেক্ষা করতে দেখা গেছে।
সোমবার (৬ই এপ্রিল) সকালে পাম্প এলাকায় গিয়ে দেখা যায় মোটরসাইকেলের দীর্ঘ সারি। তেল পাওয়ার নিশ্চয়তা পেতে অনেক চালক আগের দিন রবিবার রাত থেকেই পাম্প সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন। দীর্ঘ অপেক্ষার ক্লান্তি কাটাতে কাউকে সড়কের পাশে বিছানা পেতে শুয়ে থাকতে দেখা গেছে, আবার কেউ কেউ নিজের মোটরসাইকেলের ওপর বসেই নির্ঘুম রাত পার করেছেন।
জ্বালানি তেলের এই নজিরবিহীন লাইন ও ভিড় নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন, তবে প্রশাসনের সরাসরি উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ চালকরা। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এই কঠোর তদারকির ফলে প্রকৃত চালকরা অন্তত ন্যায্যভাবে তেল পাবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, হাকিমপুরে সুষ্ঠুভাবে জ্বালানি তেল বিতরণের লক্ষ্যে আমরা সকাল থেকে সারিবদ্ধভাবে তেল দেওয়ার ব্যবস্থা করেছি। আমি চাই এলাকার মানুষ বিশেষ করে যারা নিয়মিত চাকরি বা ব্যবসা করেন তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন। এই লক্ষ্যেই চালকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে তেল দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

হাসান আলী দিনাজপুর দক্ষিণ প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম 



















