প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়নে রাজশাহী মহানগরীকে দেশের তিলোত্তমা নগরী হিসেবে নতুনভাবে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার যে পবিত্র দায়িত্ব দিয়েছেন, তা পালনে তিনি কোনো প্রকার আপস করবেন না।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাসিকের প্রকৌশল বিভাগ আয়োজিত ‘চলমান উন্নয়ন কাজ অবহিতকরণ’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক মাহফুজুর রহমান রিটন তার বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি চান রাজশাহী হবে দেশের সবচেয়ে সুন্দর ও বাসযোগ্য শহর। প্রধানমন্ত্রী আমাকে এই নগরবাসীর জন্য কাজ করার যে সুযোগ দিয়েছেন, আমি আমার কাজের মাধ্যমে সেই আস্থার প্রতিদান দিতে চাই। সরকারের নির্দেশনা ও প্রচলিত আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতায় আমি এই মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে বদ্ধপরিকর।
নাগরিক সেবায় গতি ফেরাতে কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে প্রশাসক বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবামূলক প্রতিষ্ঠান। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এখানে দলমত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি কাজ অত্যন্ত পবিত্রতার সাথে সম্পন্ন করতে হবে এবং কাজের মাধ্যমেই আমাদের প্রতিষ্ঠানের সুনাম ফিরিয়ে আনতে হবে।
অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে রিটন ঘোষণা করেন, নগরীর ৩০টি ওয়ার্ডেই নতুন রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। একইসাথে তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়ে বলেন, আগামী ৯০ দিনের মধ্যে সকল চলমান স্কিম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। কাজের গুণগত মান বজায় রেখে অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। উন্নয়নের গতি বৃদ্ধিতে কোনো প্রকার দীর্ঘসূত্রতা সহ্য করা হবে না।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্যাদি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। সভায় আরও উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তারা।
সভার শেষে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন পুনরায় নগরীকে ঢেলে সাজানোর ওপর জোর দিয়ে বলেন, রাজশাহী মহানগরীকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও প্রকৌশল বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে তিনি নগরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

রাজশাহী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















