ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বড়গাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আলোচনা হয়।
সভায় মির্জা ফয়সল আমিন বলেন, “ঠাকুরগাঁওয়ের মানুষ শান্তিপ্রিয় ও সম্প্রীতিপ্রিয়। এখানে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, “আমি শুধু একটি নির্বাচনের কথা চিন্তা করি না; আমি ঠাকুরগাঁওয়ের মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবি। আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর ঠাকুরগাঁও গড়ে তুলতে চাই। যেখানে ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে প্রত্যেক মানুষ সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবেন।”
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, তাদের ন্যায্য দাবি, সমস্যা ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান ও সনাতন সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা এবং স্বাভাবিক ধর্মীয় কর্মকাণ্ডে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে।
মির্জা ফয়সল আমিন আরও বলেন, “রাজনীতি মানুষের জন্য। মানুষের পাশে থাকা, মানুষের কথা শোনা এবং এলাকার উন্নয়নে কাজ করাই জনপ্রতিনিধির মূল দায়িত্ব। তাই আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতা নিয়েই ঠাকুরগাঁওকে এগিয়ে নিতে চাই।”
তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ চাই, যেখানে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না; সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”
সভা শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীসহ ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি নেতা প্রভাত কুমার সিংহ, জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক আশরাফুল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ নূরে আলম বাবু, জেলা তাঁতী দলের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আহম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহাফুজ আলমসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















