নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারীর কানের সোনার দুল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের রুবীর মোড় এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। পরে ৯৯৯-এ ফোন পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার ইউসুফ সর্দারের ছেলে মো. জামাল (৩৫), আব্দুর রবের ছেলে মো. ফরিদ (৩৩) ও মাইনুদ্দিনের ছেলে মো. রবি (২৪)।
পুলিশ জানায়, বুধবার সকালে শাহানাজ আক্তার শিরিন নামে এক নারী শহরের রজাকপুর এলাকা থেকে চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারে যাচ্ছিলেন। পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন ব্যক্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরেন। এ সময় তারা চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ওই নারীর কানে থাকা প্রায় পাঁচ আনা ওজনের সোনার দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে আটক করেন। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় চাকুসহ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ আরও জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের কিছুটা মারধর করে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্থানীয় জনগণকে ছিনতাইকারীদের গ্রেপ্তারে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাই মামলা করা হয়েছে।

নওগাঁ জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















