নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১১, সিপিসি-৩-এর যৌথ অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ও ১৫ কেজি গাঁজাসহ আন্তজেলা মাদক পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার নুরুল আলম (৫৩) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া এলাকার মো. নোমান হোসেন (২৮)।
অভিযান সূত্রে জানা যায়, প্রথমে বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী চৌরাস্তা এলাকায় ফেনী-লক্ষ্মীপুর সড়কের দক্ষিণ পাশে সোলেমান নামের এক ব্যক্তির ফলের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় নুরুল আলমকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পরে সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী বাইপাস এলাকায় বুকিং কাউন্টারের পাশে জাহাঙ্গীর স্টোর নামের একটি চা-পান-সিগারেটের দোকানের সামনে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মো. নোমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার নুরুল আলম একজন পেশাদার মাদক পাচারকারী। তিনি কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম। 



















