নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সিএনজিচালিত অটোরিকশায় বহন করা ৩ কেজি গাঁজাসহ ফাতেমা আফরিন মনি (৩৫) নামে এক নারীকে তাঁর সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে নোয়াখালী সদর উপজেলার সুধারাম মডেল থানাধীন অশ্বদিয়া ওয়াবদার পোল বাজার এলাকায় জিয়া ফার্মেসির সামনে সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফাতেমা আফরিন মনি নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার গনি মিয়ার বাড়ির নূর মোহাম্মদের স্ত্রী। অপর আসামি মো. সুমন (৩৪) বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাধবসিংহ এলাকার রেজাউল করিমের বাড়ির বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানানো হয়েছে।
জনতার কন্ঠ/এস এ

মোঃ ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান । জনতার কণ্ঠ.কম 





















