তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে ফের সভা ডেকেছে মজুরি বোর্ড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বোর্ডের আলোচনায় তিনটি গ্রেডের মজুরি সব সদস্যের সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড-১-এর নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়, কোনো গ্রেডের শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নির্ধারিত নিম্নতম মজুরির সঙ্গে অন্তত দুই হাজার টাকা সমন্বয় করা হবে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।
তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















