সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে একজন পাবনা জেলার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিও রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে রাতভর শহরের সয়াধানগড়া ও সদর উপজেলার বাগবাটি এবং সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগর, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাঙ্গালিয়াগাঁতী গ্রামের সবুর উদ্দিন সরকারের ছেলে মো. ইলিয়াস সরকার (২২) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক পঞ্চসোনা গ্রামের আবু বক্কর মন্ডল ওরফে বাশারের ছেলে মো. মাইনুল ইসলাম (১৯)।
সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগর পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতার পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত রয়েছেন। নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য সিরাজগঞ্জে অবস্থান করছিলেন গোপন সূত্রে জানা যায়। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পাবনার ফরিদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
ওসি রাকিবুল আরও জানান, একই দিনে বাগবাটি ও রতনকান্দি ইউনি ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 


















