বরগুনা পুলিশ লাইন্স এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বিআরটিসির বাসটি রাতে বরগুনা পুলিশ লাইন্সের প্রায় ১৫০ গজ দূরে সড়কে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিকভাবে পানি দিয়ে আগুন নেভান।
এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসে আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।
জনতার কণ্ঠ/জেডএইচ