নোয়াখালীর কবিরহাট উপজেলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলের ট্রাক সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়লে সফিকুর রহমান (৬০) নামে এক ব্যবসায়ী নিহত এবং তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের বানদত্ত ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সফিকুর রহমান উপজেলার সুন্দলপুর ইউনিয়ন-এর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির একজন সমর্থক ছিলেন।
দুর্ঘটনায় তার দুই ছেলে সাইফুর রহমান (২১) ও সাইদুর রহমান (১৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাপুর থেকে ছেড়ে আসা তেলের ট্রাকটি বানদত্ত এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলেদের চাপা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে।
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ঘটনাস্থলে গতিরোধক ও একটি উড়াল সেতু নির্মাণের দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি পূরণের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেয়। নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো। জনতার কণ্ঠ.কম 



















