নওগাঁর রাণীনগরে এক নরপশুর পাশবিক নির্যাতনের শিকার হয়েছে চতুর্থ শ্রেণিপড়ুয়া এক নিষ্পাপ শিশু। মাত্র একটি চকলেটের লোভ দেখিয়ে ১১ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২ মে) দুপুরে উপজেলার বিলকৃষ্ণপুর এলাকার ধোপাপাড়ায়।
জানা গেছে, ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। সেদিন দুপুরে টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেয়ে স্কুলে ফেরার পথে স্থানীয় যুবক আব্দুর রাজ্জাক (৪০) শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নেন। এরপর সেখানেই সে ওই নিরীহ শিশুটিকে ধর্ষণ করে।
ঘটনাটি সোমবার এলাকায় জানাজানি হলে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি গ্রাম্য সালিশ বসিয়ে অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে ন্যায়বিচারের দাবিতে অটল থেকে ভুক্তভোগী শিশুর বাবা বৃহস্পতিবার রাতে রাণীনগর থানায় আনুষ্ঠানিক ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করতে সক্ষম হয়। সে উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। পরদিন শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পাশাপাশি ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী শিশুর মা ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে জানান, “ন্যায়বিচার পেতেই আমরা থানায় মামলা করেছি। ধর্ষকের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” তিনি সরকার প্রধানের কাছেও সঠিক বিচারের আকুল আবেদন জানিয়েছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, ঘটনার বিষয়টি জানার পর পরিবারকে থানায় এনে মামলা দায়ের করানো হয় এবং রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















