শরীয়তপুরের সখিপুরে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেলার সখিপুর থানার বেড়াচাক্কি এলাকার মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বেড়াচাক্কি এলাকায় মেঘনা নদীর শাখার তীরে কাদামাখা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে নরসিংহপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রদীপ দত্ত জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

শরীয়তপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 


















