সিরাজগঞ্জের শাহজাদপুরে নারী ইউপি সদস্য পেয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামী যুবদল নেতা আব্দুল আলীমকে (৪০) গ্রেপ্তার করেছে র্যা ব-১২ সদস্যরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যা ব সদস্যরা। গ্রেপ্তার আব্দুল আলীম শাহজাদপুর উপজেলার রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
নিহত পেয়ারা খাতুন ওই গ্রামের হানিফ সরকারের মেয়ে ও হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, র্যা ব-১২ কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, জেলার সলঙ্গার হরিণচড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতের কোনো একসময় পেয়ারা খাতুনকে শ্বাসরোধে হত্যার পর আলীম ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ২৮ নভেম্বর সকালে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী থাকা স্বত্বেও বছরখানেক আগে ব্ল্যাকমেইল করে পেয়ারাকে বিয়ে করেন আলীম। বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। দফায় দফায় চাপ সৃষ্টি করে পেয়ারার কাছ থেকে ১৭ লাখ টাকাও এবং বিভিন্নভাবে নির্যাতনও করেন তিনি। এসব নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। এ দ্বন্দ্বের জের ধরেই পেয়ারাকে শ্বাসরোধে হত্যার পর পরিবারসহ আত্মগোপনে যায় আলীম।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















