বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের অসন্তোষ আবারও সংঘাতের রূপ নিয়েছে। সোমবার সকালে শ্রীপুরে কয়েকশ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের মুখে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাদের সরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিক অসন্তোষের জেরে একাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে শ্রীপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও অনেকে উৎপাদনে অংশ না নিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও একপর্যায়ে কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা হাতে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়ক থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠে অবরোধ সৃষ্টি করেন।
অবরোধ সরাতে ঘটনাস্থলে অবস্থান নেন আনসার, শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা। তারা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকদের একটি অংশ আশপাশের গলিতে অবস্থান নিয়ে আবারও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। পরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ১২টি কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলোতে সতর্কতা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে জয়দেবপুরের বাংলাবাজার এলাকায় ট্রান্স ওয়ার্ল্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন। স্ট্যান্ডার্ড গ্রুপের এ কারখানার শ্রমিকরা ভেতরে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। এ সময় মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে বৈঠক স্থগিতের তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
বৈঠক স্থগিতের গুজবে অন্য কারখানার শ্রমিকরাও কাজে বিরতি দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন, এমন আশঙ্কায় শিল্পাঞ্চলে সতর্কতা জোরদার করা হয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তায় টহল ও সদস্য মোতায়েন বাড়ানো হয়েছে। বর্তমানে ১৭ প্লাটুন আনসার, ১২ প্লাটুন বিজিবি এবং ১০ প্লাটুন এসআরবি সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা, মহানগর ও শিল্প পুলিশের সমন্বয়ে এসব বাহিনী কারখানার নিরাপত্তা, শ্রমিকদের কর্মপরিবেশ ও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করছে।
শিল্প পুলিশ-২’র পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়া শান্তিপূর্ণভাবে তুলে ধরার পাশাপাশি সড়ক ও শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো. আশিকুজ্জামান বলেন, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় আনসার সদস্যের সংখ্যা ১৩ প্লাটুন থেকে বাড়িয়ে ১৭ প্লাটুন করা হয়েছে। নিরাপত্তা ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে, সোমবার ভোরে শ্রীপুরের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্যাপ্টেন সিএনজি পাম্প থেকে রঙ্গিলা বাজারগামী সড়কে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলটির নেতৃত্বে শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মো. আব্দুল জলিল ও মাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোকন ছিলেন বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে একই এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল করেছেন বলেও খবর পাওয়া গেছে। শ্রমিক অসন্তোষের মধ্যে রাজনৈতিক কর্মসূচি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এর আগে রোববার শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় ছুটি না দেওয়াকে কেন্দ্র করে রাতুল অ্যাপারেলস কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, ওই ঘটনায় গাড়ি ভাঙচুর ও লুটপাটও হয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















