আসন্ন সংবিধান সংস্কার প্রক্রিয়াকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ৯০ দিনের মধ্যে সংবিধান সংশোধন এবং জাতীয় গণভোটের মাধ্যমে এ দুটি বিষয় অপসারণে প্রয়োজনীয় আইনগত ও সাংবিধানিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ), জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে নোটিশের প্রাপক করা হয়েছে।
নোটিশে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে সরকার জাতীয় সংসদের মাধ্যমে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে পারে। পরে জনগণের অনুমোদনের জন্য তা জাতীয় গণভোটে দেওয়া হতে পারে। এমন প্রেক্ষাপটে সংবিধানের প্রস্তাবনা ও মৌলিক নীতিতে থাকা ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।
‘সমাজতন্ত্র’ প্রসঙ্গে নোটিশে দাবি করা হয়, এ নীতি ব্যক্তিমালিকানা ও বেসরকারি বিনিয়োগের সঙ্গে সাংঘর্ষিক। মুক্তবাজার অর্থনীতির বর্তমান বাস্তবতায় সংবিধানের প্রস্তাবনা এবং ৮ ও ১০ অনুচ্ছেদে ‘সমাজতন্ত্র’ বহাল থাকায় বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যক্তিমালিকানা ও বিদেশি বিনিয়োগের সুরক্ষার স্বার্থে সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে।
অন্যদিকে ‘ধর্মনিরপেক্ষতা’ প্রসঙ্গে নোটিশে বাংলাদেশের ঐতিহাসিক ও ধর্মীয় বাস্তবতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে দাবি করা হয়, এ ভূখণ্ডের দীর্ঘ আইনি ও সামাজিক ইতিহাসে ‘ধর্মনিরপেক্ষতা’ নামের মতবাদের চর্চা ছিল না। এ বিষয়ে ভি. ডি. কুলশ্রেষ্ঠের ‘Landmarks in Indian Legal and Constitutional History’ গ্রন্থের উদ্ধৃতি দিয়ে এ অঞ্চলের আইন ও শাসনব্যবস্থার বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ের কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও দাবি করা হয়, ১৯৬৬ সালের ছয় দফা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল দাবির মধ্যেও ‘ধর্মনিরপেক্ষতা’ ছিল না। মুক্তিযুদ্ধ মূলত তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্য, লুণ্ঠন ও বঞ্চনার বিরুদ্ধে সংঘটিত হয়েছিল বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এতে সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণকে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক হিসেবে উল্লেখ করার বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, ৪১ অনুচ্ছেদে নাগরিকদের ধর্ম পালন, চর্চা ও প্রচারের যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, তার সঙ্গে ‘ধর্মনিরপেক্ষতা’ নীতির সাংঘর্ষিকতা রয়েছে।
আইনি নোটিশে আগামী ৯০ দিনের মধ্যে সংবিধান সংশোধন এবং জাতীয় গণভোটের মাধ্যমে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব, ঐতিহাসিক বাস্তবতা ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষার দাবিতে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























