সিরাজগঞ্জের কাজিপুরে মাহবুবুর রহমান মানিক নামে এক যুবদল নেতা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় ওই যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ মার্চ) গভীর রাতে উপজেলার চালিতাডাঙ্গা গ্রামে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, ইন্সপেক্টর নিজাম উদ্দিন খানসহ কাজিপুর থানা পুলিশ উপস্থিত ঠিলেন।
গ্রেপ্তার মাহবুবুর রহমান মানিক চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি কাজিপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও একটি কারিগরি বিদ্যালয়ের শিক্ষক। সোমবার (২ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাহবুবুর রহমান মানিকের বাড়ির পেছনে থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৫ কেজি। এ ঘটনায় রাতে মামলা দায়েরের পর সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছটি পরিকল্পিতভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা চাষের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন মাহবুবুর রহমান মানিক।
ক্যাপসন: গাঁজার গাছসহ যুবদল নেতা মাহবুবুর রহমান মানিক

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















