নওগাঁর পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে ছবেদুল ইসলাম রনি নামে এক ব্যক্তিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় সাজা এবং পত্নীতলা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ছবেদুল ইসলাম রনি পত্নীতলা উপজেলার অনন্তপুর গ্রামের মো. গয়েস উদ্দিনের ছেলে। তিনি পাটিচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রনি ঢাকায় আত্মগোপনে রয়েছেন বলে জানতে পারে পুলিশ। এরপর পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল সোমবার দিনব্যাপী ঢাকার সাভার থানা এলাকায় অভিযান চালায়। পরে তিনটি মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি রনিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, রনির বিরুদ্ধে পত্নীতলা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, রনি সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রায় দেড় হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। টাকা ফেরত না পেয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও বিক্ষোভ দেখা দেয়। অভিযোগ রয়েছে, অর্থ হারিয়ে অনেক গ্রাহক চরম আর্থিক সংকটে পড়েন।
অভিযোগ রয়েছে, গ্রাহকদের জমা অর্থ দিয়ে রনি সুরমা ব্রিকস-১ ও সুরমা ব্রিকস-২ নামে দুটি ইটভাটাও পরিচালনা করতেন। ইট সরবরাহের প্রতিশ্রুতি দিয়েও বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ছাড়া ববি রায় (৩০) নামে এক গৃহবধূর কেনা একটি ফ্ল্যাট নিজের বলে দাবি করে দখলের অভিযোগও রয়েছে রনির বিরুদ্ধে। ওই ঘটনায় ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ববি রায়সহ আটজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা করেছিলেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, কখনো বেশি লাভের প্রলোভন দেখিয়ে, কখনো ইট সরবরাহের কথা বলে, আবার কখনো মামলা দিয়ে সম্পত্তি দখলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন রনি। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রনির গ্রেপ্তারের খবরে পত্নীতলা এলাকায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা প্রতিনিধি, নওগাঁ। জনতার কণ্ঠ.কম 



















