বরিশালের আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে আগৈলঝাড়া একাদশের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি আগৈলঝাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতা বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, শামসুল হক খোকন, কার্তিক চন্দ্র বেপারী, আগৈলঝাড়া একাদশের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, সরকারি আগৈলঝাড়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আকন মো. কামরুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ফারুক ফকির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, আগৈলঝাড়া একাদশের সাংগঠনিক সম্পাদক মো. মানিক হাওলাদার, সাবেক অধিনায়ক মো. কামরুল ইসলাম জুয়েল মোল্লা এবং টুর্নামেন্টের সদস্য সচিব মো. ফারুক আকনসহ অনেকে।
উদ্বোধনী খেলায় আমবৌলা ইউনাইটেড ক্লাবের মুখোমুখি হয় নাঘিরপাড় একাদশ। খেলায় আমবৌলা ইউনাইটেড ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে জয় পায় নাঘিরপাড় একাদশ।
খেলাটি পরিচালনা করেন রেফারি সুশান্ত মজুমদার, মো. শহিদুল ইসলাম ও নরেন্দ্র নাথ হালদার।
আয়োজক কমিটি জানায়, টুর্নামেন্টে আগৈলঝাড়া উপজেলার মোট ১১টি ফুটবল দল অংশ নেবে। যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটি আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রিক হওয়ায় উপজেলার বাইরের কোনো খেলোয়াড় এতে অংশ নিতে পারবেন না।

মৃদুল দাস, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 


















