সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া তথ্যে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গুলিসহ বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-১২) সদস্যরা।
বুধবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১২ এর অধিনায়ক অতিরিক্ত আইজিপি আতিকুর রহমান মিয়া।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত রোববার (১ নভেম্বর) এসআরবির পৃষ্ঠপোষকতায় তিন জেলার ৬৫ জন চরমপন্থী স্বাভাবিক জীবনে ফিরে আসতে আত্মসমর্পণ করেন।
এরপর তাদের কাছ থেকে পাওয়া তথ্যে এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে দেশী-বিদেশী ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন এবং ৯৫টি দেশীয় অস্ত্র ও ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা, পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে ১ নভেম্বর দুপুরে এসআরবি-১২-এর সদর দপ্তরে ‘নতুন পথে প্রত্যাবর্তন চরমপন্থি সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ’ অনুষ্ঠানে তিন জেলার ৬৫ চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমিন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 


















