সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘ঈদের বোনাস’ দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গলাকেটে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের সর্বস্তরর জনসাধারণের আয়োজনে এই কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
গত শনিবার শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মন্ডলের ছেলে সোহেল রানাকে ঈদ বোনাসের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। ঈদের দিন ধানখেত থেকে তার মরদেহ উদ্ধারের পর থেকেই এলাকাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। এরপর হত্যাকা-ের সপ্তাহ পেরিয়ে গেলেও আসামীরা আটক না হওয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ মানুষ। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে খুনিদের বিচার চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
এ ঘটনায় নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় কায়েমপুর ইউনিয়ন বিএনপির সবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। তবে হত্যাকা-ের সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা।
এদিকে সোহেল রানাকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, সোহেল রানা হত্যাকা-ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। খুব দ্রুতই প্রধান আসামীকে আটক করা হবে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 


















