রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় রাজশাহীতে অবস্থিত পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতাল এখন থেকে “রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল” নামে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় রেলওয়ে হাসপাতাল প্রাঙ্গণে ফিতা কেটে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুপম আনোয়ার, মোঃ জিয়াউল হক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জয়নাল আবেদীন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদসহ রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকও উপস্থিত ছিলেন।
হাসপাতালটি যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন ৪ জন চিকিৎসক, ১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এবং ১০ জন নার্স।

উদ্বোধনী অনুষ্ঠানে দুই সচিব বলেন, শুধু রেলওয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাই নয়, স্থানীয় সাধারণ মানুষও এখন থেকে এই হাসপাতালের উন্নত চিকিৎসাসেবা পাবেন। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা।
তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, এই হাসপাতাল রাজশাহীসহ সমগ্র পশ্চিম রেলওয়ে অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগের তুলনায় আরও উন্নত ও মানসম্মত সেবা প্রদান করবে।

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















