নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
এগারো দিনেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ স্কুলছাত্রীর সোনালী খাতুনের (১৬)। এতদিন পার হলেও মেয়ের খোঁজ না পেয়ে হতাশা আর আতঙ্কে দিন কাটাচ্ছে সোনালীর পরিবার। তবে পুলিশ বলছে নিখোঁজ স্কুলছাত্রীকে খুঁজে পেতে অনুসন্ধান চলছে।
গত ১ অক্টোবর বেলকুচি শহরের মুকুন্দগাঁতী এলাকা থেকে নিখোঁজ হয় সোনালী। সে উপজেলার বওড়া নতুনপাড়া এলাকার আবু তাহিরুলের মেয়ে ও স্থানীয় কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, গত ১ অক্টোবর ভোর ৬টায় নিজ বাড়ী থেকে মুকুন্দগাঁতীতে প্রাইভেট পড়তে যায় সোনালী। এরপর আর সে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
এ বিষয়ে ২ অক্টোবর সোনালী মা মোছা. আঞ্জু মনোয়ারা বেগম বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সোনালীর স্বজনদের অভিযোগ, থানায় ডায়রী করার ১০ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত তার সন্ধান বের করতে পারেনি। তাদের নাবালিকা মেয়ে কোথায় কিভাবে আছে তা নিয়ে নানা শঙ্কা বিরাজ করছে পরিবারের মাঝে। অবিলম্বে সোনালীর সন্ধান চান তার বাবা-মা সহ আত্মীয়-স্বজনেরা।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, সোনালী নামের স্কুলছাত্র নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। তাকে খুঁজে বের করতে আমাদের পুলিশের টিম কাজ করে যাচ্ছে।

রিপোর্টার: 

















