সিরাজগঞ্জের ঐতিহ্যের ধারক ও বাহক প্রায় দুই শত বছরের ইতিহাসসমৃদ্ধ কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে কালীবাড়ী গোবিন্দ বাড়ী মন্দিরের নাটমন্দির প্রাঙ্গণে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির নেতৃত্বকে বরণ করে নিতে অনুষ্ঠানে ভক্ত, শুভানুধ্যায়ী ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। এ সময় নবনির্বাচিত সভাপতি বাবু জীবন বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত মণ্ডল স্বপনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির অন্যতম সদস্য ভিপি অমর কৃষ্ণ দাসসহ নবনির্বাচিত কমিটির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সম্পাদক,কার্যনির্বাহী সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি সিরাজগঞ্জের সনাতন সমাজের ধর্মীয় বিশ্বাস, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক। প্রায় দুই শত বছরের এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে নবনির্বাচিত কমিটি নিষ্ঠা, সততা ও ঐক্যের সঙ্গে দায়িত্ব পালন করবে।
বক্তারা আরও বলেন,মন্দিরের সার্বিক উন্নয়ন,ধর্মীয় আচার-অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন, নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং ভক্তদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।তারা বলেন,এই মন্দির আমাদের সবার। এর ঐতিহ্য,মর্যাদা ও ধর্মীয় চেতনাকে অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় উপস্থিত সবাই সম্প্রীতি,সৌহার্দ্য ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গীতা পাঠ করেন দুজয় কুমার।

সিরাজগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 


















