মুন্সিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসা। প্রতিযোগিতায় মোট ৯টি পুরস্কারের মধ্যে ৫টি অর্জন করে প্রতিষ্ঠানটি জেলায় শীর্ষস্থান লাভ করে।
মুন্সিগঞ্জ সদর উপজেলা মসজিদে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সিগঞ্জ মোঃ মোসাব্বিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন মুন্সিগঞ্জ-এর পরিচালক মোঃ সাহাবুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মুজাহিদুল ইসলাম, শেখ মোহাম্মদ হানিফ (সুপারভাইজার, সদর), মোঃ রুবেল মিয়া (সুপারভাইজার, শ্রীনগর), মোস্তফা কামাল (সুপারভাইজার, গজারিয়া), মোঃ আব্দুল হালিম সিকদার (ফিল্ড সুপারভাইজার, লৌহজং) এবং মোঃ ইস্রাফিল আহেম্মদ (ফিল্ড সুপারভাইজার, টংগিবাড়ী)।
ফলাফলে দেখা যায়, ১০ পারা গ্রুপে মোঃ আরাফাত ১ম, মোহাঃ রুহি ২য় এবং মোঃ সিয়াম ৩য় স্থান অর্জন করেন। ২০ পারা গ্রুপে আহনাফ মুজাহিদ মাহিম ১ম স্থান এবং ৩০ পারা গ্রুপে মোঃ সামি ২য় স্থান অর্জন করেন। এ সাফল্যের মাধ্যমে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসার এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ধারাবাহিকভাবে ধর্মীয় শিক্ষায় এমন সাফল্য প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয়।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 

















