একটি সংঘর্ষের মামলার প্রধান আসামি হয়েও ক্ষমতার দাপটে থানায় তদবির করতে গিয়ে গ্রেপ্তার হলেন আব্দুর রাজ্জাক নামে সিরাজগঞ্জের তাড়াশের এক বিএনপি নেতা।
সোমবার (২৭ এপ্রিল) রাতে সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক তালম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের বাসিন্দা।
জানা যায়, গারবগাড়ি জামে মসজিদের পুকুর দখলকে কেন্দ্র করে মসজিদ কমিটির সঙ্গে ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মো. এনামুল হক ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের দ্বন্দ্ব চলে আসছিল। গত ১৭ এপ্রিল এনামুল ও রাজ্জাকের নেতৃত্বে ১৫-২০ জন পুকুর থেকে জোরপূর্বক প্রায় ৮-১০ লাখ টাকার মাছ মেরে নিয়ে যায়। এরই প্রতিবাদে ১৮ এপ্রিল মসজিদ কমিটির লোকজন গ্রামে একটি মানববন্ধনের আয়োজন করেন। আর মানববন্ধনে ওই দুই নেতা বাধা দেন। যা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ ১৮ জন গুরুতর আহত হন।
ওই সংঘর্ষে আহতের ঘটনায় মসজিদ পক্ষের গ্রাম্যপ্রধান মো. তোজ্জামেল হোসেন বাদী হয়ে আদালতে আব্দুর রাজ্জাক, এনামুলহকসহ ১০ জনকে আসামী একটি মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামী হয়েও সোমবার (২৭ এপ্রিল) রাতে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক থানায় তদবির করতে যান। বিষয়টি টের পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আব্দুর রাজ্জাক মামলার প্রধান আসামি ছিলেন। তিনি থানায় আসার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















