তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের তাড়াশে বিকাশের দোকানে খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে রানা আহমেদ (২২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে তাড়াশ উপজেলা হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক রানা সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের আব্দুল মোমেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, তাড়াশ উপজেলা হাসপাতালের প্রধান ফটকের সামনে বিকাশ ব্যবসায়ী নজরুল ইসলামের দোকানে হঠাৎ করে এসে পিস্তল উঁচিয়ে চাঁদা দাবী করে রানা আহমেদ। পরে বাজারের লোকজন এগিয়ে এসে সংঘবদ্ধ হয়ে ওই যুবককে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। খোঁজ নিয়ে জানা যায় ছেলেটা কিছুটা অপ্রকৃতিস্থ। সে পুলিশের কাছে স্বীকার করেছে পিস্তলটি মূলত একটি গ্যাস লাইটার। স্থানীয় লোকজন বসে মানবিক বিবেচনায় বিষয়টি মিমাংসা করে দিয়েছেন।

রিপোর্টার: 



















