আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।
বুধবার (১৪ জানুয়ারি) সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালান তিনি।
এ সময় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে।
অমর কৃষ্ণ দাস বলেন, বিএনপি জনগণের দল, গণমানুষের দল। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের কল্যাণে কাজ করে। আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ উত্তরবঙ্গের কৃতি সন্তান। সিরাজগঞ্জের মানুষের প্রাণের স্পন্দন। তিনি এমপি হলে সিরাজগঞ্জের উন্নয়ন হবে, যমুনা পারের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করবেন আমাদের প্রিয় নেতা। তাই ধানের শীষ প্রতিকে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
এদিকে অমর কৃষ্ণ দাসের নেতৃত্বে প্রতিদিনই ব্যাপক গণসংযোগে খোকশাবাড়ি ইউনিয়নের ১০টি ভোটকেন্দ্রজুড়ে বিএনপির নির্বাচনী প্রচারণা আরও সংগঠিত ও গতিশীল হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















