মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ছিনতাইয়ের সময় জনতার হাতে এক ছিনতাইকারী আটক হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে একটি কভার্ড ভ্যান বিকল হয়ে পড়লে চালক ও হেলপার নিচে নেমে ইঞ্জিন পরীক্ষা করছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারী সেখানে এসে চালককে ছুরি দিয়ে আঘাত করে এবং ভয়ভীতি দেখিয়ে তার মানিব্যাগ ও ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। তবে অন্যরা পালিয়ে যায়।
আটক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 

















