বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানও যেন আজ শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে বিপজ্জনক পথের দিকে যাত্রা শুরু করেছেন। গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছিল। জনগণের সেই রায় অস্বীকার করে আজ গণভোটকে অবৈধ ঘোষণা করা হচ্ছে। গণভোট ও এর আদেশ যদি অবৈধ হয়ে থাকে, তবে বর্তমান সরকার, সংসদ ও মন্ত্রিপরিষদ- সবই অবৈধ।’
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে ১১ দলীয় জোটের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে মামুনুল হক আরও বলেন, ‘আমরা সরকার পতনের জন্য লংমার্চ করছি না, সরকারকে সতর্ক করার জন্য করছি। মানুষের পকেটে কিন্তু আরও একটা কার্ড আছে, সেটা হলো ‘লাল কার্ড’। গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে সরকারকে শেষ পর্যন্ত সেই লাল কার্ড দেখানো হবে।’
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে এবং মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবিরের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা গ্যাস, বিদ্যুৎ, পানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চান; জুলাই সনদ বাস্তবায়ন ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার চান। কিন্তু এই সরকার তা করবে বলে মনে হয় না। নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমাদের এখন চোখ রাঙানো হচ্ছে। কিন্তু এসব চোখ রাঙানিকে আমরা ভয় পাই না। প্রস্তুত থাকুন, চূড়ান্ত ডাক এলে আবার রাজপথে নামতে হবে।’
পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘যে তরুণদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাদের চাকরি নিশ্চিত না হলে আমরা প্রধানমন্ত্রীর দরজায় গিয়ে জবাব চাইব। হয় চাকরি দিতে হবে, না হয় গদি ছাড়তে হবে। আমাদের ৬ দফা দাবি না মানলে তা সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেবে।’
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-তৈল সংকট নিরসন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এই লংমার্চ অনুষ্ঠিত হয়।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান এবং চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিমসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 

























