গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শিগগির চালু হচ্ছে না। নাশকতার আশঙ্কা ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে রয়েছে সরকার। একই সঙ্গে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুনরায় চালু করতেও আরও সময় লাগবে। এদিকে জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও এখনই নিজস্ব ভবনে ফিরছে না। স্থানীয় বাসিন্দারা থানা দুটির কার্যক্রম চালুর দাবি জানালেও সংস্কার ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে। বর্তমানে থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা গোপালগঞ্জেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটির কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। এ সেবা চালু হতেও সময় লাগবে।
স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ
গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে অর্থসহায়তা দেওয়া হয়, তার তৃতীয় কিস্তির অর্থ গোপালগঞ্জে ছাড় করা হবে না।
সাধারণত এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থ ছাড় আপাতত বন্ধ থাকবে। ফলে জেলার বিভিন্ন উন্নয়ন ও স্থানীয় পর্যায়ের কার্যক্রমে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
১৫ নভেম্বরের ঘটনার পর বন্ধ রেল যোগাযোগ
গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছেন। পরে ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
সরকারের অবস্থান বলপ্রয়োগ না করা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সরকার বলপ্রয়োগ করবে না। এমনকি কোনো ধরনের মারণাস্ত্রও ব্যবহার করা হবে না বলে সরকারের অবস্থান রয়েছে। ওই কর্মকর্তা জানান, আবারও গাছ কেটে সড়ক অবরোধ কিংবা কারও বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থানে পরিবর্তন আসবে না।
দিনে চলত পাঁচটি ট্রেন
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ সকাল ৬টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত এবং রাত সাড়ে ১০টার মধ্যে ফিরে আসত।
‘অভিযাত্রী কমিউটার’ ঢাকা থেকে গোপালগঞ্জে চলাচল করত। ‘রূপসী বাংলা’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত এবং ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত চলাচল করত। এ ছাড়া ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করত। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।
ট্রেন বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিয়মিত যাত্রীরা। বাসের তুলনায় ট্রেনে যাতায়াতে সময় ও খরচ কম হওয়ায় অনেকেই এ সেবার ওপর নির্ভরশীল ছিলেন। বিশেষ করে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জে ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে নিরাপত্তাঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আবারও হামলা, ভাঙচুর কিংবা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল ও থানার কার্যক্রম চালুর সম্ভাবনা কম।
সূত্র: প্রথম আলো

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















