তুরস্কের পশ্চিমাঞ্চলে দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রশিক্ষণ কার্যক্রমের জন্য উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির বিমানবাহিনীর এএস-৫৩২ মডেলের হেলিকপ্টারটি এসকিশেহির শহর থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। পরে সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।
তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা জানায়নি মন্ত্রণালয়। দুর্ঘটনাস্থলটি এসকিশেহির শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ইওরুকাকচাইর গ্রামের কাছে।
এর মাত্র ১২ দিন আগেও তুরস্কে আরেকটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটে। গত ১২ নভেম্বর দেশটির দক্ষিণাঞ্চলের মালাতিয়া এলাকায় সেনাবাহিনীর একটি সিকোরস্কি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হন। ওই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
উল্লেখ্য, ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী আকারের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম।
জনতার কণ্ঠ/এসএ

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 






















